জুনেদ আহমদ, ফ্রান্স: প্রবাসীদের অধিকার, সমস্যা ও প্রত্যাশা সরকারের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে। বক্তারা বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বিদেশের মাটিতে তাঁদের নানা সমস্যা, নাগরিক অধিকার ও প্রত্যাশা যথাযথ গুরুত্ব পায় না। এসব বিষয় সংবাদমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে প্যারিস-ঢাকা সরাসরি বিমান চলাচল চালু, দূতাবাসের সেবার মান উন্নয়ন এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো সরকারের দৃষ্টিতে আনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’র ২৭ বছরের পথচলা পূর্ণ করে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে প্যারিসের লিগ্যাল এইড হলরুমে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব দাবি ও প্রত্যাশা তুলে ধরেন বক্তারা। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে উদ্যাপিত এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সের কমিউনিটি নেতা সালেহ আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) সভাপতি এবং ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রতিষ্ঠাতা কাজী এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্জ-লে-গোনেসের কাউন্সিলর তানিয়া টুনু এবং সাঁ-দেনির কাউন্সিলর নাহিদুল মোহাম্মদ। অনুষ্ঠানটির আয়োজন ও সার্বিক উদ্যোগে ছিলেন জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’র ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ জুনেদ আহমদ।
তাঁর পরিকল্পনা ও উদ্যোগেই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রিল্যান্স সাংবাদিক এএমসি রোমেল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফটোসাংবাদিক ফরিদ আহাম্মাদ রনি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের কমিউনিটি নেতা সালেহ আহমদ চৌধুরী, বিএনপি নেতা রাব্বানী হেলাল ও ইকবাল হোসেন আলী, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী বাছিত হোসাইন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য মনোয়ার হোসেন মোজাহিদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, আরটিভির সাংবাদিক বদরুল বিন আফরোজ, ইউরো বাংলা প্রেসক্লাবের সভাপতি উদ্দিন তাজ, লাটিন বাংলার সাংবাদিক দুলাল মিয়া, ইকরা টিভির সাংবাদিক ও সংবাদ উপস্থাপক আবু বকর মোহাম্মদ আল আমিন, গীতিকার আক্তার হোসেন, বিএনপি নেতা সামাদুর রহমান চৌধুরী অপু, কাইয়ুম আহমদ, যুবদল নেতা গিয়াস উদ্দিন খান জসিম এবং দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সংস্থার সহসাধারণ সম্পাদক শামিম আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের প্রচার সম্পাদক হাসান আহমদ সোহাগ, বিএনপি নেতা গিয়াস আল মামুন নজির আহমদ, ফ্রান্স যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ বাপ্পি, সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সাংস্কৃতিক কর্মী সাদিকুর রহমান সুমন, সিলেট সদর এলাকার সালেহ আহমদ ও আবুল কালাম, প্যারিস মহানগরের সহসাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, বিএনপি নেতা টিপু সুলতান এবং ব্যবসায়ী সাব্বিরসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিদেশে তাঁদের দৈনন্দিন জীবনে নানা ধরনের প্রশাসনিক ও নাগরিক সমস্যার মুখোমুখি হতে হয়। পাসপোর্ট, কনস্যুলার সেবা, প্রয়োজনীয় কাগজপত্র, প্রশাসনিক সহযোগিতা এবং অন্যান্য নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রবাসীদের প্রত্যাশা অনেক। তাঁদের মতে, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো প্রবাসীদের প্রথম ভরসাস্থল। তাই দূতাবাসের কার্যক্রম আরও সহজ, গতিশীল ও জনবান্ধব হওয়া প্রয়োজন। প্রবাসীদের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
বক্তারা বলেন, এসব সমস্যা শুধু কমিউনিটির সভা-সমাবেশে আলোচনা করলেই হবে না। সাংবাদিকদের অনুসন্ধানী ও দায়িত্বশীল লেখনীর মাধ্যমে সমস্যাগুলো সংবাদপত্রের পাতায় এবং গণমাধ্যমে তুলে ধরতে হবে। এতে সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। কোথাও অনিয়ম, অসংগতি কিংবা সেবার ঘাটতি থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তা প্রকাশ করতে হবে।
গার্জ-লে-গোনেসের কাউন্সিলর তানিয়া টুনু তাঁর বক্তব্যে এ ধরনের সামাজিক ও কমিউনিটি আয়োজনে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। নারীদের সক্রিয় সম্পৃক্ততা ছাড়া একটি কমিউনিটির সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। প্রবাসীদের দূতাবাসের সেবা নিয়ে বিভিন্ন অভিযোগ ও প্রত্যাশার প্রসঙ্গে তিনি ফ্রান্সের নাগরিক সেবা ব্যবস্থার উদাহরণ তুলে ধরেন।
তাঁর বক্তব্যে তিনি উল্লেখ করেন, ফ্রান্সের নাগরিকেরা স্থানীয় মেরি বা সিটি হলে গিয়ে বিভিন্ন নাগরিক সেবা ও অধিকারসংক্রান্ত সহযোগিতা পাওয়ার সুযোগ পান। নাগরিকদের অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মনে করেন, বাংলাদেশের প্রবাসীদের ক্ষেত্রেও নাগরিক অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়ে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং বাস্তব সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরা জরুরি। আর সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এসব বিষয় যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা সম্ভব।
সাঁ-দেনির কাউন্সিলর নাহিদুল মোহাম্মদ তাঁর বক্তব্যে প্রবাসীদের স্বার্থরক্ষায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রবাসীদের সমস্যা, অধিকার ও ইতিবাচক উদ্যোগগুলো গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পাওয়া প্রয়োজন। বর্তমানে ফরাসি পার্লামেন্ট সদস্যদের সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ দায়িত্বের সুবাদে বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে। প্রবাসী সাংবাদিকদের সহযোগিতা পেলে কমিউনিটির কল্যাণে এবং বৃহত্তর সমাজের জন্য আরও কার্যকর অবদান রাখা সম্ভব। এ সময় তিনি ফ্রান্সের সাঁ-দেনিতে একটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগের কথাও তুলে ধরেন। বাংলা ভাষা, ভাষাশহীদদের আত্মত্যাগ এবং বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে সেখানে শহীদ মিনার প্রতিষ্ঠার বিষয়ে তাঁর আগ্রহের কথা জানান। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে কমিউনিটি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
নাহিদুল মোহাম্মদ বলেন, প্রবাসীদের ভালো কাজ, সামাজিক উদ্যোগ ও অর্জনগুলো সংবাদমাধ্যমে প্রকাশ করা হলে তা অন্যদেরও উৎসাহিত করবে। তাই সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার পাশাপাশি প্রবাসীদের অধিকার ও সমস্যার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। অনুষ্ঠানের আলোচনায় দীর্ঘদিনের প্রবাসী দাবি প্যারিস-ঢাকা সরাসরি বিমান চলাচল চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
উপস্থিত প্রবাসীরা বলেন, ফ্রান্সে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। তাঁদের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকেও বাংলাদেশিরা নিয়মিত যাতায়াত করেন। কিন্তু প্যারিস থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের তৃতীয় কোনো দেশে ট্রানজিট নিতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের বাড়তি ভোগান্তি পোহাতে হয়। তাঁরা বলেন, প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হলে ফ্রান্সসহ ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ হবে। দুই দেশের মধ্যে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রবাসীদের পক্ষ থেকে এ দাবিকে জাতীয় পর্যায়ে গুরুত্ব দিয়ে সরকারের নীতিনির্ধারকদের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়। এ বিষয়ে সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনমত গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তাঁরা। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে টেলিফোনে সরাসরি যুক্ত হন জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় তাঁকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও প্রত্যাশার পাশাপাশি প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দীর্ঘদিনের দাবির বিষয়টি অবহিত করা হয়। প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদপত্রে গুরুত্বের সঙ্গে প্রকাশ এবং সরকারের দৃষ্টিতে আনার আহ্বান জানানো হলে সম্পাদক ইতিবাচক আশ্বাস দেন।
তিনি জানান, বিশ্বের যেকোনো দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো ‘ভোরের চেতনা’ গুরুত্বের সঙ্গে প্রকাশ করবে। প্রবাসীদের সমস্যা, দাবি, অধিকার ও প্রত্যাশা নিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের দৃষ্টি আকর্ষণে পত্রিকাটি ভূমিকা রাখবে। বিশেষ করে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবিসহ প্রবাসীদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংবাদপত্রের পাতায় তুলে ধরার অনুরোধ জানানো হয়। সম্পাদকের এ আশ্বাসে উপস্থিত প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেন।
তাঁরা আশা করেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবিগুলো গণমাধ্যমের মাধ্যমে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছাবে। প্রধান অতিথির বক্তব্যে আয়েবা সভাপতি কাজী এনায়েত উল্লাহ প্রবাসীদের সমস্যা, দূতাবাসের কার্যক্রম, সাংবাদিকতার দায়িত্ব এবং কমিউনিটির ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। নিজের দীর্ঘদিনের প্যারিসে বসবাস ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রবাসীদের বাস্তব সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে জানতে হলে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করতে হবে। দূতাবাসের কার্যক্রম আরও প্রবাসীবান্ধব হওয়া প্রয়োজন। প্রবাসীরা যাতে সহজে প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও আন্তরিক হওয়া দরকার। সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমের কাজ শুধু সংবাদ প্রকাশ করা নয়, সমাজের বাস্তব চিত্র তুলে ধরা। যেখানে অসংগতি থাকবে, সেখানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠভাবে তা প্রকাশ করতে হবে। সত্য ও জনস্বার্থের প্রশ্নে সাংবাদিকদের কলম থেমে থাকা উচিত নয়। তিনি আরও বলেন, কমিউনিটির মধ্যে মতপার্থক্য ও ভেদাভেদ থাকতে পারে। তবে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক বিভাজনের ঊর্ধ্বে উঠে প্রবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণের প্রশ্নে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সহযোগিতাই প্রবাসীদের বিভিন্ন দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা দীর্ঘদিন ধরে বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে মিশছেন, তাঁদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে জানছেন এবং সহযোগিতা করছেন, তাঁদের সঙ্গে কমিউনিটির যোগাযোগ আরও বাড়ানো প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় থাকলে প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।
বিএনপি নেতা ইকবাল হোসেন আলী তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীদের যেকোনো স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের কলম ধরতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের লেখনীর মাধ্যমে মানুষের সমস্যা, অধিকার ও প্রত্যাশা সমাজের সামনে উঠে আসে। প্রবাসীদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষার প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকদেরও নিরপেক্ষ অবস্থান থেকে মানুষের কথা তুলে ধরতে হবে। প্যারিসের ব্যবসায়ী সাব্বির তাঁর বক্তব্যে প্রবাসীদের প্রত্যেকটি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে তাঁদের নিজেদেরও সোচ্চার হতে হবে। একই সঙ্গে এসব দাবি যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী বাছিত হোসাইন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে। সাংবাদিকরা যদি সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করেন এবং মানুষের বাস্তব সমস্যা ও অসংগতিগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেন, তাহলে প্রবাসীরা উপকৃত হবেন। নাগরিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ প্রবাসীদের কয়েকজন বাংলাদেশের সংবাদমাধ্যমের সংবাদ পরিবেশনের ধরন নিয়েও তাঁদের মতামত তুলে ধরেন।
তাঁরা বলেন, অনেক সময় সংবাদপত্র বা অনলাইন গণমাধ্যমের শিরোনামে যে ধরনের তথ্য ও প্রত্যাশা তৈরি করা হয়, মূল সংবাদ পড়তে গিয়ে তার সঙ্গে বাস্তব তথ্যের মিল পাওয়া যায় না। আকর্ষণীয় শিরোনামের আড়ালে অনেক সময় সংবাদের প্রকৃত বিষয়বস্তু ভিন্ন হয়ে ওঠে। তাঁদের মতে, পাঠক ও দর্শকের মনোযোগ আকর্ষণ করা সংবাদমাধ্যমের স্বাভাবিক লক্ষ্য হলেও শুধু ভিউ বা পাঠকসংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করা উচিত নয়। সংবাদমাধ্যমের প্রধান দায়িত্ব হচ্ছে পাঠক ও দর্শকের কাছে সত্য, নির্ভুল এবং বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দেওয়া।
তাঁরা প্রত্যাশা করেন, বাংলাদেশের সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমগুলো পাঠকপ্রিয়তা অর্জনের পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। শিরোনাম ও মূল সংবাদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা এবং তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা প্রয়োজন। কারণ সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা তৈরি হয় নির্ভুল তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সংবাদপত্রের প্রকৃত শক্তি নিহিত থাকে পাঠকের আস্থা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থের প্রতি দায়বদ্ধতার মধ্যে। সংবাদপত্র শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের অসংগতি, মানুষের অধিকার, প্রত্যাশা ও সম্ভাবনার প্রতিফলন ঘটানোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা।
তাঁরা বলেন, দীর্ঘ ২৭ বছরের পথচলা পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করা জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ আগামী দিনেও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ ধারণ করে এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা করেন। বিশেষ করে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা, অর্জন, সম্ভাবনা ও অধিকার নিয়ে আরও অনুসন্ধানী ও জনস্বার্থমূলক সংবাদ প্রকাশের আহ্বান জানান বক্তারা। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন কেবল একটি সংবাদপত্রের বর্ষপূর্তি উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং প্রবাসীদের অধিকার, দাবি ও প্রত্যাশা নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে নিয়মিত তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তোলায় অতিথি, শুভানুধ্যায়ী, সাংবাদিক, কমিউনিটি নেতা এবং সংশ্লিষ্ট সবার প্রতি জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ২৮ বছরে পদার্পণ করা দৈনিক ‘ভোরের চেতনা’ আগামী দিনেও দেশ ও প্রবাসের মানুষের কথা তুলে ধরবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।
