গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের গোলাপগঞ্জ প্রতিনিধি ও সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনকে হেনস্তা ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জিবি টেলিভিশনের হলরুমে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নির্বাহী সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহসভাপতি দেলওয়ার হোসেন মাহমুদ।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মো. বদরুল আলম, সহসভাপতি মো. শাহ আলম ও দেলওয়ার হোসেন মাহমুদ, সহসাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান তামিম, সহসাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ ও সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক ডি এইচ মান্না, দপ্তর সম্পাদক তামিম আহমদ, সহদপ্তর সম্পাদক রুদায়েব আহমদ ইমন, সদস্য সাকেল উদ্দিন, আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা।
সভায় গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনের সঙ্গে এক যুবকের হেনস্তা ও হুমকির অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতির কথা তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। একজন সাংবাদিককে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক সমাজের ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় গোলাপগঞ্জের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। সত্য ও ন্যায়ের পক্ষে তাদের অবস্থান সবসময় অটুট থাকবে।
