গোলাপগঞ্জ প্রতিনিধি : শুধু শিক্ষিত হলেই হবে না, আমাদের সৎ, মানবিক মানুষ হতে হবে মন্তব্য করে সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, জুলাই যোদ্ধা সংসদ সিলেটের আহবায়ক ও আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ বলেছেন, 'আমাদের তরুণ প্রজন্মই আমাদের দেশের ভবিষ্যৎ। শুধু ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার পাশাপাশি সততা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। একজন শিক্ষিত মানুষ তখনই সত্যিকার অর্থে সফল, যখন তার শিক্ষা সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগে।'
লিটন আহমদ বলেন, 'আজকের এই সম্মাননা শুধু একটি স্মারক বা একটি পুরস্কার নয়-এটি একজন মানুষের পরিশ্রম, মেধা, দায়িত্ববোধ ও ভালো কাজের স্বীকৃতি। যারা আজ সম্মাননা পাচ্ছেন, আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের এই অর্জন যেন ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকে।'
তিনি বুধবার (২৬ আগস্ট) সকালে গোলাপগঞ্জ পৌর শহরে 'বাইট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার' আয়োজিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লিটন আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও বলেন, প্রিয় শিক্ষার্থীরা, জীবনে ব্যর্থতা আসতেই পারে। কিন্তু ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না। মনে রাখবে-পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো, আগামীকাল তার চেয়েও অনেক বড় জায়গায় যেতে পারবে, যদি তোমার লক্ষ্য ঠিক থাকে এবং তুমি নিয়মিত চেষ্টা করে যাও।'
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক শরিফুল আলম মুন্নার সভাপতিত্বে ও শাহিন আহমদ মাসুদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম সাকেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহেদ আহমদ, বাইটের শিক্ষক আকিফ আনোয়ার চৌধুরী, মাহফুজ আলম অনিক, আলী হায়দার কিবরিয়া, যুবদল নেতা শাপলু আহমদসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বাইটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৭০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
