নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতা হুমায়ূন কবিরকে গ্রেপ্তারের দাবিতে মিছিল করেছে যুবদল-ছাত্রদল ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। মিছিল শেষে সংঘবদ্ধ হয়ে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা চালায় তারা।
গতকাল (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দিঘলবাক গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হুমায়ূন কবির ওই এলাকার আজির উদ্দিনের ছেলে। তিনি উপজেলা ৪নং শেওলা ইউনিয়ন দিঘলবাক ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ২০১৬ সালে উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের দিঘলবাক ওয়ার্ড ছাত্রলীগের সহসাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন হুমায়ূন কবির। তৎকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন চালাতেন তিনি। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনার পতনের দাবিতে মাঠে থাকা যুবদল-ছাত্রদল, ছাত্র-জনতার উপর আওয়ামীলীগের নির্দেশে তিনি হামলা চালান। কিন্ত ৫ আগস্ট ২০২৪ সালে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ছাত্রলীগ ক্যাডার হুমায়ূন কবির আত্মগোপনে চলে যান।
আরও জানা যায়, হাসিনার পতনের পর থেকে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে খুঁজতে থাকেন। গত ২৮ জুন আন্দোলনকারীরা হুমায়ূন কবিরকে গ্রেপ্তারের দাবিতে মিছিল করে তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে উত্তেজিত হয়ে তার বাড়িতে হামলা চালান। এঘটনায় হুমায়ূন কবিরের মা গুরুতর আহত হন।
হামলাকারীদের দাবি ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হুমায়ূন কবিরের বিরুদ্ধে বিয়ানীবাজার থানা এবং সিলেট কোতোয়ালী থানায় দুটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এরপরও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।
তারা আরও বলেন, অতিসত্বর গ্রেপ্তার না করলে ওই এলাকায় হুমায়ূন কবির ও তার পরিবারের লোকজনকে বসবাস করতে দিবেন না।
