নিউজ ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার যুক্তরাজ্য প্রবাসী শিবির নেতা মো.রিয়াজ উদ্দিন।
গত বছরের (২৪ অক্টোবর) মাননীয় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটে (কোতোয়ালী থানার মামলা নং: ৩০, তারিখ: ২৪/১০/২০২৪ ইং) মামলাটি দায়ের করেন বালাগঞ্জ থানার খুজগীপুর বেত্রীকুল গ্রামের মৃত মো.মাহমদ মিয়ার ছেলে মো.আব্দুস ছালাম টিপু (৪০)। মামলায় তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামি করে ৪৩ জনের নামোল্লেখ ও ১৫০/২০০ জনকে অজ্ঞাত আসামি করেন। ওই মামলায় মো.রিয়াজ উদ্দিনকে ২১ নম্বর আসামি করা হয়।
মো.রিয়াজ উদ্দিন ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের মো.আকরম আলীর ছেলে। তিনি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই দুপুরে জিন্দাবাজারস্থ ডাইবেটিকস হাসপাতালের সামনে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার প্রতিবাদে জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করার সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এসময় তাদের দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র থেকে বাঁচতে নেতাকর্মীরা দিগবিদিক ছুটতে থাকে। হামলায় মামলার বাদি আব্দুস ছালাম টিপু গুরুতর আহত হন।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব হইতে মো.রিয়াজ উদ্দিন প্রবাসে থাকলেও তাকে ওই মামলার আসামি হতে হয়েছে। যে কারণে দেশে থাকা তার পরিবারের সদস্যরা রয়েছেন নিরাপত্তাহীনতায়।
