গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় আসামি হয়েছেন উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো.নাইমুর রহমান (২৪)।
গত (২৬ আগস্ট) মিনহাজ আহমদ হত্যা মামলায় গোলাপগঞ্জ মডেল থানায় তার ভাই সাইদ আলম বাদি হয়ে একটি মামলা (মামলা নং: ১১,তাং-২৬/০৮/২০২৪ইং) দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। এছাড়া আরও ৫৬ জনের নামোল্লেখ করা হয়।
আসামি মো.নাইমুর রহমান উপজেলার নিশ্চিন্ত গ্রামের মো.হাবিবুর রহমানের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব রয়েছেন। মামলায় তাকে ২১ নাম্বার আসামি করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফা দাবিতে সারাদেশের ন্যায় গোলাপগঞ্জে গত ৪ আগস্ট আন্দোলনে নামে ছাত্র-জনতা। এদিন উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ-বিজিবির অতর্কিত গুলি বর্ষণে মিনহাজ আহমদসহ উপজেলায় ৭ জনের প্রাণহানি ঘটে। এদিন বিকেলে পৌর শহরের কদমতলী সানরাইজ পার্টি সেন্টার এন্ড রেস্টুরেন্টের বিপরীত পাশে সিলেট টু জকিগঞ্জ মহাসড়কের উপর গুলিবিদ্ধ হয়ে মারা যান মিনহাজ আহমদ।
এঘটনায় মিনহাজ আহমদের ভাই বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
