নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় আসামি হলেন সিলেটের গোলাপগঞ্জের ছাত্রলীগ নেতা জাবির আহমদ জামিল।
গতকাল (১২ আগস্ট) সুনামগঞ্জের ছাতক থানায় একটি হত্যা চেষ্টা মামলা (মামলা নং: ২৪ তাং,১২/৮/২০২৪ইং) দায়ের করেন মামুন মিয়া (২৮) নামের এক যুবক। তিনি ছাতক উপজেলার চরবাড়ুকা গ্রামের মৃত গোলাম মর্তুজার ছেলে। মামলায় তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে ২৫ জনের নামোল্লেখ ও ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামি করেন।
এমামলায় জাবির আহমদ জামিলকে ১৭ নাম্বার আসামি করা হয়েছে। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও গ্রামের সাব্বির আহমদ ফাত্তাহ'র ছেলে। তিনি বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে উপজেলার পৌর ভবনের সামনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের সাথে কিছু পুলিশও অংশ নেয়৷ এসময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন মামলার আসামি মামুন মিয়া। পরে চিকিৎসা শেষে মামলার অভিযুক্ত আসামিদের নামোল্লেখ ও অজ্ঞাত আসামিদের আসামি করে মামলায় দায়ের করেন তিনি।
এদিকে গোলাপগঞ্জ উপজেলায় বাড়ি হওয়ার পরও ছাতকে হত্যা চেষ্টার মামলায় আসামি হয়ে গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা জাবির আহমদ জামিল।
