বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগ নেতা মো.লিমান মিয়ার বাড়িতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মো.লিমান মিয়া মজলিশপুর গ্রামের মালুক মিয়ার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় বিএনপি-জামায়াত ও ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা মো. লিমান মিয়ার বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে বিএনপি ও জামায়াতের ১৫/২০ জন নেতাকর্মী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ও লুটপাট চালায়। ভাঙচুর করা হয় ঘরের মূল্যবান আসবাবপত্র। এসময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলায় আহত হন ছাত্রলীগ নেতা মো.লিমান মিয়া ও তার পরিবারের সদস্যরা৷
স্থানীয়দের দাবি মো.লিমান মিয়া ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
এবিষয়ে বিশ্বনাথ থানার অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। কে বা কারা এটা করেছে তা জানার চেষ্টা করছি।
ছাত্রলীগ নেতা মো.লিমান মিয়ার বাবা মালুক মিয়া বলেন, আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমার বাড়িতে হামলা করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের জোর দাবি জানাচ্ছি।
