বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ সদস্য শামীম আহমদকে বটি দিয়ে কোপ দেয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম সেবুল মিয়া (৪০)।
তিনি ওই ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের চমক আলীর ছেলে।
শনিবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় স্থানীয় সাধুগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এতথ্য নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অমিত সিংহ জানান, মামলার প্রধান অভিযুক্ত সেবুলকে আজ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা এজাহারে প্রকাশ, সম্প্রতি পূর্ব শাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা পাকাকরণের কাজ পান সদর ইউনিয়ন পরিষদ সদস্য, ও শ্বাসরাম গ্রামের বাসিন্দা শামীম আহমদ। গেল ৯ অক্টোবর রাতে ঠিকাদার, শ্রমিক ও মালামাল নিয়ে কাজ করতে গেলে সেবুল গংরা আপত্তি দেন।
খবর পেয়ে ইউপি সদস্য শামীম ঘটনাস্থলে পৌছলে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এসময় বটির আঘাতে ডান পায়ে রক্তাক্ত জখম হন ইউপি সদস্য শামীম। আহত হন একই গ্রামের কবির মিয়ার ছেলে শ্রমিক কামরুল ইসলাম (৩৪)।
এ ঘটনায় ইউপি সদেস্যর ভাই সাহেদ আহমদ (৩৬) সেবুলসহ তিনজনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা (নাম্বার-৩, তাং-১০ নভেম্বর ২৩ইং) দেন। মামলায় অন্য অভিযুক্তরা হলেন, সেবুলের ভাই টুনু মিয়া (৩৮) ও পিতা চমক আলী (৬৫)।
