কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও আদর্শ ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের বঙ্গবন্ধুর ছবিযুক্ত ব্যানার ও বিভিন্ন সামগ্রীতে রাতের আঁধারে হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (৩১ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে টুকেরগাঁও আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, উপজেলার ৬৪টি ফুটবল দল নিয়ে গত ২৮ সেপ্টেম্বর থেকে জাঁকজমকপূর্ণ ভাবে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং সহ প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
উদ্বোধনের পর থেকেই সুন্দর আয়োজনে প্রতিদিন হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে চলছিল এ টুর্নামেন্ট। হঠাৎ গত ৩০ অক্টোবর ভোর সকাল ৫টায় এসে দেখা যায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের স্টেজে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ব্যানার ছিড়ে লন্ডভন্ড করে। দু'টি গোলবারের রশি ও মাঠ সজ্জার বিভিন্ন সামগ্রী কেটে ছেড়ে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
টুকেরগাঁও আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ৩০ অক্টোবর সন্ধ্যা বেলা শেষে স্টেজের ব্যানার সহ মাঠ সজ্জার সকল মালামাল অন্যান্য দিনের মতো যথাস্থানে রাখা হয়েছিল। কিন্তু পর দিন সকালে আমাদের ক্লাবের সদস্য সোহেল রানা আমাদের খবর দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ব্যানার ছিড়ে লন্ডভন্ড করে এবং দু'টি গোলবারের রশি ও মাঠ সজ্জার বিভিন্ন সামগ্রী কেটে ছেড়ে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্রীড়ামোদীদের মনে ক্ষোভ বিরাজ করছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাছে অভিযোগ করেছি। আশা করছি তদন্ত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: মনিরুজ্জামান বলেন, টুকেরগাঁও আদর্শ ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় একটি জিডি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
