জিতু আহমদ, ওসমানীনগর : বাজারে শীতকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও ভরা মৌসুমে সিলেটের ওসমানীনগরে কমছে না শাক-সবজির দাম। ফুলকপি, মুলা, বেগুন, পেঁপে, বাঁধাকপি ও শিমসহ শীতের সবজির দাম আকাশচুম্বী। ৫০ টাকার নিচে নেই কোনো সবজি। সবজির মৌসুমেও এমন দামকে চড়া বলছেন ক্রেতারা।
তবে ব্যবসায়ীরা বলছেন, প্রতিবছর অক্টোবরের শুরু থেকেই শীতকালীন আগাম সবজিতে ভরে ওঠে বাজার। শুরুতে কয়েক সপ্তাহ বেশি থাকলেও কিছুদিন পরে নাগালের মধ্যে আসে। তবে এবার বাজারে সব ধরনের সবজির দাম বেশি থাকায় শীতের আগাম সবজির দামও কমছে না। তবে অন্যান্য বছরের তুলনায় কম বলেও দাবি করেছেন অনেক বিক্রেতা।
উপজেলার গোয়ালাবাজার ও তাজপুর বাজার ঘুরে দেখা যায়, সরকার বেঁধে দেয়া তিনটি পণ্যসহ শাক-সবজি বাড়তি দামেই বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত আলুর দাম ৩৫-৩৬ টাকা বিক্রি হচ্ছে ৫০ টাকা। শীতকালীন সবজির মধ্যে কাচাঁ মরিচ ১৬০, টমেটো ১২০, ফুলকপি ৬০-৭০ টাকা, বাধাঁ কপি ৫০-৬০ টাকা,নসীম ৫০-১০০ টাকা, মুলা ৫০ টাকা, বেগুন ৫০টাকা বিক্রি হচ্ছে।
এদিকে, মাছ-মাংসের দাম বেশি হওয়ায় সবজির ওপর নির্ভর করা নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা এখন সেই সুযোগও পাচ্ছেন না। কারণ সম্প্রতি সবজির দামও বেশ বেড়েছে।
গোয়ালাবাজারের ক্রেতা রায়হান আহমদ বলেন, শীতের সময় সবজির দাম কম থাকে। কিন্তু এ বছর পরিস্থিতি পুরো উল্টো। শীতেও দাম দ্বিগুণ, কমার নামই নেই। মাছ-মাংসেরও প্রচুর দাম। কই যাব আমরা, আর কি খাবও ?
তাজপুর বাজারের সবজি বিক্রেতা সুহেল মিয়া বলেন, বেগুন আর মুলা ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। শীতকালীন অন্যান্য সবজি ৬০ থেকে ৭০ টাকায় কেনাবেচা চলছে। মৌসুমি সবজি ছাড়া অন্যান্য সবজি ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
