জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সিআইডি পুলিশ চোরাচালান বিরোধী অভিযান কালে তাদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া হাতকড়া উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
রোববার (১৫ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টার দিকে ছিনিয়ে নেওয়া সিআইডি'র হাতকড়া উদ্ধার করা হয়েছে বলে এই তথ্য নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার এস আই শাহীদ মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, গত (১৩ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে সিআইডি পুলিশের এসআই দীপরাজ ধর প্রিন্স তিনি সহ সিআইডি'র একটি টিম জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল জাফলং মহাসড়কের চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় ভারতীয় চোরাচালান বিরোধী কাজে ব্যবহৃত যানবাহন তল্লাসি অভিযান শুরু করেন।
এ সময় ৯শত ৮০ কেজি চা পাতা উদ্বার ও ১টি নাম্বার বিহীন ডিআই পিকআপ গাড়ি সহ আজগর আলী (৩৫) নামে এক ব্যক্তি-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নাম্বার বিহীন অপর ডিআই পিকআপ গাড়ি আটক করেন। গাড়িতে থাকা চালক ধলাই মিয়া (১৯) স্বীকার করেন তার গাড়িতে অবৈধ চোরাচালান মালামাল রয়েছে। একথা স্বীকার করলে চালক ধলাই মিয়া-কে হ্যান্ডকাপ লাগিয়ে সিআইডি পুলিশ তাদের হেফাজতে নেন।
তখন চোরাচালান ব্যবসার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিগণ সিআইডি পুলিশের উপর হামলা করে গাড়ি, আসামি ধলাই মিয়াকে হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নিয়ে যান। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানার মামলা নং-১০,তাং ১৩ অক্টোবর-২০২৩ইং।
সিআইডি পুলিশের অভিযোগ পেয়ে জৈন্তাপুর মডেল থানার তদন্তকারী অফিসার এসআই মির্জা শাফায়েত সঙ্গীয় ফোর্স সহ সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান করেন। রোববার ভোর রাতে জৈন্তাপুর থানা পুলিশ সিআইডি'র হাত থেকে পালিয়ে যাওয়া আসামি উপজেলা ফতেপুর ইউনিয়নের লামা শ্যামপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র ধলাই মিয়া (১৯)'র বসত ঘর তল্লাসি করে ছিনিয়ে নেওয়া সিআইডি'র হ্যান্ডকাপ উদ্ধার করতে সক্ষম হন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানান, সিআইডি থানায় অভিযোগ দায়ের করার পর আমরা পুলিশ ফোর্স ঘটনাস্থলে প্রেরণ করেছি।
আমাদের পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিআইডি'র নিকট থেকে ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
