নিউজ ডেস্ক : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের হরিপুর গ্রামে সাবেক ছাত্রশিবির নেতা জুবায়ের আহমদ সিদ্দিকীর বাড়িতে অভিযান চালিয়েছে কুলাউড়া থানা পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) রাত ৯ টার দিকে এই অভিযান চালানো হয়।
জুবায়ের আহমদ সিদ্দিকী সুইটের বাবা আহমদ জামাল উদ্দিন সিদ্দিকী বলেন, “আমার ছেলে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। বর্তমানে সে যুক্তরাজ্যে বসবাস করছে। সে দেশে না থাকলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের বিরুদ্ধে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমার ছেলে কোনো অপরাধ করেনি। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশে থাকাকালীন সময়ে তাকে হয়রানি করা হয়েছে। এখন সে দেশে না থাকলেও স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাদের বিভিন্ন সময় নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তাদের উসকানিতে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।”
ফলে গতকাল রাতে হঠাৎ বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব সদস্যরা আমাদের বাড়িতে এসে আমার ছেলেকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে আমাদের বসতঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এসময় আমাদের পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে আমাকে হুমকি দিয়ে যায়, যেন আমার ছেলে প্রবাসে বসে সরকারবিরোধী প্রচারণা ও জনমত সৃষ্টি না করে। আমরা আমার ছেলের জীবন নিয়ে খুবই আতঙ্কিত।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ সিদ্দিকী সুইটকে পুলিশ হয়রানি করছে। প্রবাসে অবস্থান করেও তাকে লক্ষ্যবস্তু বানানোয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এবিষয়ে কুলাউড়া থানার পুলিশ উপ-পরিদর্শক আব্দুস সালেক বলেন, “নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া থানার একটি তদন্তের জন্য জুবায়ের আহমদ সিদ্দিকী সুইটের বাড়িতে পুলিশ অভিযানে গিয়েছিল।”
