সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার নাম রুমেল সিদ্দিক। তিনি সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা এবং ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ছিলেন।
রুমেল সিদ্দিকের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই আহমেদ শাহনুর। তিনি বলেন, ‘দগ্ধ চারজন আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। এর মধ্যে আমার ভাই আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা গেছেন।’
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নয়জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সাতজন ফিলিং স্টেশনের কর্মচারী ও দুজন পথচারী। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ সেপ্টেম্বর দগ্ধদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। দগ্ধদের শরীরের ৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে বলে জানা গেছে।
বার্ন ইউনিটে দগ্ধরা হলেন- শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, ইমন ও মুহিন সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের বাদল দাস, সদর উপজেলার জাঙ্গাইল এলাকার তারেক আহমদ, একই এলাকার রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া এবং একই গ্রামের লুৎফুর রহমান।
