জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে ১টি ইঞ্জিন চালিত নৌকা সহ ২লক্ষ ৫২ হাজার শলাকা ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি ও ৮'শত কেজি ভারতীয় চা পাতা আটক করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সোয়া ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু তিনপাড়া করিচের ব্রীজের নিচে অভিযান চালিয়ে বিড়ি ও চা পাতা আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের নির্দেশনায় থানার উপ-পুলিশ পরিদর্শক নিখল চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ১টি ইঞ্জিন চালিত নৌকা সহ ২লক্ষ ৫২ হাজার শলাকা ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি ও ৮'শত কেজি ভারতীয় চা পাতা আটক করা হয়।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কানাইঘাট উপজেলার কাজিরপাতন গ্রামের হানিফ মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৩০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন চোরাকারবারী পালিয়ে যায়। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।
