জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ৪০ বস্তা ভারতীয় চিনি সহ একটি ট্রাক আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলায় ফতেপুর (হরিপুর) ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর ফারুকের দিক নির্দেশনায় থানার উপপরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে।
এসময় ফতেপুর ইউনিয়নের দলইপাড়া গ্রামের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৪০ বস্তা ভারতীয় চিনি ও একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক গাড়ি আটক করে পুলিশ। এ ঘটনায় চিকনাগুল ইউনিয়নের কহাইগড় এলাকার বাসিন্দা সারোয়ার জসিম সহ অজ্ঞাত নামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক-নিদের্শনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ ,নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাই পন্য উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও অপরাধীদের চিহ্নিতকরণে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ফোর্স মাঠে তৎপর রয়েছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। অপরাধ কাজে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহবান জানান।
