কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম জয় (২১)। তিনি ঢাকা মগবাজারের বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায় গোবিনাথপুর।
সোমবার (২৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পানিতে ডুবার সাথে সাথে সাদা পাথর নৌকাঘাটের ইজারাদারেরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ হাসপাতালে পাঠালে বেলা ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয় সাদাপাথরে গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির প্রচন্ড স্রোতে তিনি আর স্থির থাকতে পারেননি। মূহুর্তেই পানির নিচে তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত ও তার সঙ্গের লোকজন খোঁজাখুঁজি করে প্রায় ১৫ মিনিট পরে তাকে পান। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
জানা যায়, তারা চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটে এসেছিলেন ভ্রমণ করতে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ আমাদের হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
