বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া ও পৌর মেয়র মুহিবুর রহমানের মধ্যে চলমান ‘বাহাস’ বিশ্বনাথের মা-সম্মানের কথা চিন্তা-ভাবনা করে দ্রুত বন্ধের জোরদাবী উঠে।
দুই জনপ্রতিনিধির ওই কাঁদা ছুড়াছুড়ি বন্ধ করে সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতি থেকে বিশ্বনাথবাসীকে মুক্তি দিয়ে ক্লিন ইমেজের বিশ্বনাথ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করেন বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা, উপজেলার লামাকাজী ইউনিয়ন তালুকজগত গ্রামে সম্প্রতি দু’পক্ষের মধ্যে সংঘর্ষের পর থানায় মিথ্যা গণধর্ষণ মামলা দায়েরের ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে উল্লেখ করে মানুষ যাতে অযথা হয়রাণীর শিকার না হন সে জন্য বিষয়টি সুষ্ঠভাবে তদন্ত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান করেন।
মামলায় আসামী হওয়ার পর ‘সেই অভিযুক্তের নাম’ তদন্ত সাপেক্ষে চার্জশিট থেকে বাদ গেলে কিংবা আদালতের রায়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার কয়েক বছর পরও সেই ব্যক্তির নাম পুলিশের রেকর্ডে অভিযুক্তের তালিকায় থেকে যাচ্ছে, পরিবর্তি সময়ে ওই ব্যক্তি পাসপোর্ট করতে গেলে হয়রাণীর শিকার হতে হয়। তাই অভিযুক্তের নাম চার্জশিট থেকে বাদ গেলে কিংবা আদালতের রায়ে অব্যাহতি পেলে দ্রুত পুলিশের রেকর্ড থেকেও বাদ দেওয়ার দাবী জানান।
