নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিনা দোষে প্রায় একমাস জেল খাটলেন সমাজ সেবক মোঃ নুরুল ইসলাম।
ঘটনা সূত্রে জানা যায়, সাহেবের বাজারের প্রভাবশালী আকরাম উদ্দিন ও মৃত সোনাফর আলীর উত্তরসূরিদের মধ্যে মৌরসী সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এরই সূত্র ধরে বিগত ৯ এপ্রিল ঘোড়ামারা সাতগাছি নামক হাওরে দু'পক্ষের ধান কাটাকে কেন্দ্র করে ভোরবেলা ধানী জমিতেই দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের সতেরো থেকে আঠারোজন লোক মারাত্মকভাবে আহত হয়। ঘটনা ঘটার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। হাসপাতালেই মৃত্যুবরণ করেন আকরাম উদ্দিনের সহোদর ভাই নিজাম উদ্দিন। এর কিছু দিন পর মাথায় জখম নিয়ে নিহত হন মৃত সোনাফর আলীর পক্ষের প্রবাসি আজিজুল মিয়া।
যা উভয়পক্ষের মধ্যে মামলা পাল্টাপাল্টি মামলা চলমান রয়েছে। কিন্তু আকরাম উদ্দিন হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একই ইউনিয়নের বয়োবৃদ্ধ চার বারের ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আনসার আলী, সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট খুরশেদ আলম,সমাজকর্মী মো. নুরুল ইসলাম ও স্কুল কলেজের ছয় থেকে সাতজন ছাত্রকে আসামি করেন। যারা ঘটনাস্থলে ছিলেন না এবং কোনভাবেই জড়িত নয়।
আকরাম উদ্দিনের আনিত এজাহারে মিথ্যা, বানোয়াট ও চরম মিথ্যার আশ্রয় নিয়ে মো. নুরুল ইসলামকে ২৬ নাম্বার আসামি করেন।নুরুল ইসলাম গত ১০ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে জেলে পাঠান। বিগত ২১নভেম্বর মহামান্য হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।
আজ মঙ্গলবার সকালে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এদিকে এই সুযোগে নুরুল ইসলামকে আসামি করে নুরুল ইসলামগংদের মার্কেটের ভূমি জবরদখল করে ঘর নির্মাণ করে নেন আকরাম উদ্দিন।
স্থানীয় বাসিন্দারা জানান, নুরুল ইসলামকে আসামি করার কারণ হলো নুরুল ইসলাম এর মার্কেটের ভূমি দখল করার জন্য।
তাকে আসামি করে দৌড়ের ওপরে রেখে আকরাম উদ্দিন রাতারাতি নুরুল ইসলাম গংদের ভূমির উপর সাহেবের বাজারে অবৈধভাবে ঘর নির্মাণ করে ফেলেন।আদালতের নির্দেশ অমান্য করেই নুরুল ইসলাম এর বাজারের জায়গা জবরদখল করেন আকরাম উদ্দিন।
এলাকাবাসী আরও জানান, আমরা অপরাধীদের সুষ্ঠু বিচার চাই কিন্তু নিরপরাধ কোন মানুষ হয়রানির শিকার হোক এটি চাইনা।এলাকার সুপরিচিত এইসব সুহৃদয়বান ব্যক্তিদের আসামি করায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন। একই সাথে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নির্দোষ ও নিরপরাধ লোকদের হয়রানি না করতে প্রশাসনের কাছে আহবান করেন এলাকাবাসী।
