গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ৫৫ বস্তা চিনি ও চিনি বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব- ৯। এসময় একজন পালিয়ে যায়।
গত (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের এএসবিএস ডেভেলপমেন্ট গ্রুপ স্টাক ইয়ার্ড এর গেইটের সামনে থেকে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার ও চিনির বস্তা জব্দ করা হলেও জানা গেল ৪দিন পর।
এঘটনায় র্যাব-৯ এর এসআই মো. ওমর ফারুক বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১১, তাং- ১৫/১২/২২ ইং) দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলো - নেত্রকোনা জেলার মদন থানার নায়েকপুর ইউপির মো. জল কদরের ছেলে মো. আসাদুল হক (৩২) ও ওসমানীনগর থানার শশারকান্দি গ্রামের মো. চুনু মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৩)। পালিয়ে যাওয়া আরেকজন জকিগঞ্জ থানার নিদনপুর গ্রামের কটাই মিয়ার ছেলে মইন উদ্দিন (৫৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায় - আসামিরা দীর্ঘদিন ধরে ভারতীয় চিনি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশে বাজারজাত করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর র্যাব-৯ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৫৫ বস্তা চিনি ( ২৭৫০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা) ও চিনি বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ (যার আনুমানিক বাজারমূল্য ১৫ লক্ষ টাকা) আটক করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
