গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিনিয়র সাংবাদিক জেলোয়ার হোসেন স্বপনকে হেনস্তা ও হুমকির অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে অনলাইন প্রেসক্লাবের এক জরুরি সভায় এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জানা যায়, গত ১৬ আগস্ট গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহের কাজে যান দৈনিক নয়াদিগন্তের গোলাপগঞ্জ প্রতিনিধি, সাপ্তাহিক সকালের দিগন্তের সম্পাদক ও প্রকাশক জেলোয়ার হোসেন স্বপন এবং দৈনিক সচিত্র সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহদি রহমান।
অভিযোগ রয়েছে, সংবাদ সংগ্রহের সময় ধারাবহর গ্রামের খালেদ আহমদ নামে এক ব্যক্তি সাংবাদিক স্বপনের সঙ্গে অশোভন আচরণ করেন এবং একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সাংবাদিকদের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ শুধু ব্যক্তিগতভাবে অপমানের বিষয় নয়, বরং স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্যও উদ্বেগজনক। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।
এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে মাঠপর্যায়ে কাজ করেন। দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ কিংবা পেশাগত কাজে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
একই সঙ্গে ভবিষ্যতে গোলাপগঞ্জে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা, হুমকি বা হয়রানির ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সাংবাদিক জেলোয়ার হোসেন স্বপনের সঙ্গে কথিত হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
প্রতিবাদ সভায় গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
