গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুজিবুর রহমান (৪৫) নামে একজনকে ধান ক্ষেতে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতে আরও ৫ জন আহত হয়েছেন। এঘটনায় এখনও কোন মামলা হয়নি।
শনিবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি তদন্ত সুমন চন্দ্র সরকার। তিনি বলেন, তারা এখনও হাসপাতালে রয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান গোয়াসপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ৫ কন্যা সন্তানের পিতা।
হামলায় আহতরা হলেন, নিহত মুজিবুর রহমানের ভাই মুহিবুর মিয়া (৬০), ফয়জুল আহমদ (৪৬), সজিব আহমদ (৪০), মুহিবুর ছেলে আজাদুর রহমান (২৭) এবাদুর রহমান (২৫)।
নিহতের ভাতিজা জানান, দীর্ঘদিন ধরে নিকটাত্মীয় কেইস মিয়ার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের বিরোধ চলে আসছে। আজ সকালে আমার চাচা মুজিবুর রহমানের সাথে প্রতিপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হলে তাকে একা পেয়ে ৫/৬ জন ধান ক্ষেতে পিটিয়ে হত্যা করেন। খবর পেয়ে আমরা এগিয়ে গেলে তারা আমাদের উপর হামলা করে। এতে আমরাও ৫ জন আহত হই। এসময় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
