বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে ছাত্রদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সভায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রদল, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বিয়ানীবাজার সরকারি কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এঘটনায় বিয়ানীবাজার থানার উপপরিদর্শক আব্দুল আজিজ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ৮ জনকে অভিযুক্ত করে একটি মামলা (মামলা নং-১৬, তারিখ: ০২/০৪/২০২২ইং) দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- উপজেলার নিদনপুর গ্রামের শামসুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন দিনার, গোলাপগঞ্জ উপজেলার ঘাগুয়া গ্রামের মো.মঈন উদ্দিনের ছেলে মো. সুলতান আহমদ, একই উপজেলার আব্দুল কাদিরের ছেলে সেলিম আহমদ, বিয়ানীবাজার উপজেলার শেওলা গ্রামের মুহিবুর রহমানের ছেলে জুবায়ের আহমদ, একই উপজেলার দুবাগ গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে রাসেল আহমদ, হাজী আব্দুস শহীদের ছেলে রিয়াজুল ইসলাম, কাকরদি গ্রামের মৃত পঙ্খী মিয়ার ছেলে জাবের আহমদ, দেওকলস গ্রামের জামাল হাসানের ছেলে আকিজ উদ্দিন। এছাড়াও মামলায় আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গতকাল ২ এপ্রিল দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজে প্রাঙ্গনে ছাত্রলীগের কর্মীসভা ও ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পুরো এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের অফিসে ভাংচুর চালায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে আসলে ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। কলেজের সামনে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তখন পুলিশ তাদের ধাওয়া করলে উশৃঙ্খল নেতাকর্মীরা ককটেল বিস্ফোরন ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ টিয়ারসেল ও ফাঁকা বুলেট নিক্ষেপ করলে উশঙ্খল নেতাকর্মীরা পালিয়ে যায়।
বিয়ানীবাজার থানার উপপরিদর্শক কে এম নজরুল ইসলাম জানান, এঘটনায় থানায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ সভায় ছাত্রলীগ তাদের ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের উপর আক্রমণ চালায়। পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা সাজায়। তারা এই গণতান্ত্রিক দেশে এমন মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান।
