বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.জাছিম আহমদ সাগরকে গ্রেপ্তারে একাধিকবার তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
গত (১ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার ঘড়ুয়া গ্রামে সাগরকে গ্রেপ্তারে পুনরায় অভিযানে যায় বিয়ানীবাজার থানা পুলিশ।
মো.জাছিম আহমদ সাগর উপজেলার ঘড়ুয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। তিনি ২০১৮ সালে সিলেট জেলা ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মো.জাছিম আহমদ সাগর ছাত্রলীগের রাজনীতির সাথে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। মিছিল মিটিংয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর মো.জাছিম আহমদ সাগরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানার মামলা নং-০৮, তারিখ-১৩/০৯/২০২৪ ইং, যা গোলাপগঞ্জ জি.আর ১৫২/২০২৪ ইং। তিনি উক্ত মামলার এজাহারভুক্ত ১৬নং আসামি। এছাড়াও কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৭, তারিখ-১৭/১০/২০২৪ ইং যা কোতোয়ালী জি.আর ৪৫৬/২০২৪ ইং। এসকল মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
আরও জানা যায়, এসকল মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় ছাত্রলীগ নেতা মো.জাছিম আহমদ সাগরকে গ্রেপ্তারে তার বাড়িতে একাধিকবার পুলিশ অভিযান চালিয়েছে। তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
তার পরিবার সূত্রে জানা যায়, মো.জাছিম আহমদ সাগর বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি কখনো দেশে ফিরলে গ্রেপ্তারের আশংকা রয়েছে। এই মূহুর্তে তার দেশে ফেরা নিরাপদ মনে করছেন না তার পরিবারের সদস্যরা।
