বিজ্ঞপ্তি : সিলেটের গোলাপগঞ্জে একটি কথিত কমিটি গঠনকে কেন্দ্র করে সাংবাদিক মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গোলাপগঞ্জের মূলধারার সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত, পেশাদার ও কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে শিগগিরই নির্বাচনের আয়োজন করা হবে।
মূলধারার সাংবাদিকদের অভিযোগ, মূল প্রেসক্লাবে স্থান না পেয়ে একটি পক্ষ নিজেদের উদ্যোগে একটি কমিটি ঘোষণা করে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তবে এ ধরনের কোনো বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু বলেন, “আমরা গোলাপগঞ্জের মূলধারার প্রকৃত ও কর্মরত সাংবাদিকদের নিয়ে শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করব। গোলাপগঞ্জের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি প্রেসক্লাব গঠন করাই আমাদের লক্ষ্য। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা হবে।”
তিনি আরও বলেন, “কোনো বিভ্রান্তিকর নাম বা কথিত কমিটি নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। গোলাপগঞ্জের সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমরা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছি।”
সংশ্লিষ্টরা জানান, ব্যক্তিগত স্বার্থে নয়; বরং পেশাদার ও কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য, গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বশীল প্রেসক্লাব গঠনই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং খুব শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে গোলাপগঞ্জের সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ ও প্রতিনিধিত্বশীল কমিটি গঠিত হবে। একই সঙ্গে কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে প্রেসক্লাবের নির্বাচন ও সংশ্লিষ্ট বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য নির্বাচন কমিশনের ঘোষণার ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।
