গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের দাঁড়িপাতনে মাছের ঘেরে ঢুকে ইমরুল হানিফ নামের এক ব্যবসায়ীর উপর হামলা ও গুরুতর জখমের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইমাম হাসান এই রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত পাব্লিক প্রসিকিউটর এডভোকেট এফ এইচ এম সাজেদুল ইসলাম সজিব।
ভুক্তভোগী ইমরুল হানিফ দাড়িপাতন গ্রামের মশাহিদ আলীর ছেলে।
রায়ের নথি অনুযায়ী, দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পৌর এলাকার দাড়িপাতন গ্রামের মইয়ব আলীর ছেলে আমির উদ্দিন ও শাহীন আহমদের ছেলে ইমন আহমদ।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২১ অক্টোবর দুপুর আনুমানিক ১টার দিকে মাছের ঘেরে অবৈধ চাদার টাকা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করেন।
পরে পূর্বপরিকল্পিতভাবে ব্যবসায়ী ইমরুল হানিফের ওপর হামলা চালানো হয়। হামলায় রামদা, চাইনিজ কুড়াল, রড ও লাঠিসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আমির উদ্দিন রামদা দিয়ে আঘাত করলে ভুক্তভোগীর মাথায় গুরুতর জখম হয়। অন্য আসামিরাও হামলায় অংশ নেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ইমরুল হানিফের ভাই তোফায়েল হানিফ একটি মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছিল।
আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে দণ্ডবিধির ৩২৬ ধারায় আমির উদ্দিন ও ইমন আহমদকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ড কার্যকরের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশও দেওয়া হয়েছে।
