গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় মো.হিরা মিয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি কোতোয়ালি থানার খাদিম বিআরটিসি মীর মহল্লার মো.আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, গত ১১ মে বিকেল ৩টার দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করে সিএনজি অটোরিকশা যোগে রওয়ানা হন ব্যাংকের স্টাফ হাজি মো.আলী ও সাফওয়ান আহমদ। পথিমধ্যে পৌর এলাকার দাড়িপাতন এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেল দিয়ে সিএনজি অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় দুর্বৃত্তরা৷ এঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৩, তারিখ-১৪/৫/২০২৬ খ্রিস্টাব্দ, জিআর- ৯৬/২০২৬) দায়ের করা হয়।
এঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি মো.হিরা মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে ৬টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, আসামিকে আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
