নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের সদরে সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আশফাকুর রহমান অভির বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে৷
গতকাল (২২ মে) বিকেলে সদর উপজেলার বরমান বনগাও গ্রামে এ ঘটনা ঘটে।
আশফাকুর রহমান অভি মৌলভীবাজার সদর উপজেলার বরমান বনগাও গ্রামের আজাদুর রহমানের ছেলে৷ তিনি ২০০৯-১২ সাল পর্যন্ত মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন।
জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার পর থেকে দেশে অবস্থান করা আওয়ামী রাজনীতি করা নেতাকর্মীদের উপর হামলা, মামলা চলতে থাকে। দেশজুড়ে তাদের বাড়ি-ঘর-ব্যবসা-প্রতিষ্ঠান চিহ্নিত করে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা ঘটে। বাদ যায়নি আশফাকুর রহমান অভির গ্রামের বাড়িও। তাকে একাধিক বার খুঁজতে গিয়ে পরিবারের সদস্যদের হুমকি ধমকি দিয়ে চলে আসে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। সবশেষ গতকাল বিকেলে পুনরায় তাকে খুঁজতে তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট চালায় বিএনপি-জামায়াতের ২০/২৫ জন নেতাকর্মী।
আরও জানা যায়, আশফাকুর রহমান অভিকে কখনো পেলে প্রাণে হত্যা করা হবে বলে পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসে তারা।
এঘটনার পর থেকে থানা পুলিশের সহযোগিতা না পেয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান অভির পরিবারের সদস্যরা। এছাড়া অভি দুইটি মামলায় আসামি হওয়ায় পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে তার পরিবারকে।
