নিজস্ব প্রতিবেদক : সিলেটে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রোমানের বাসায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল (১০ মে) বিকেলে নগরীর শিবগঞ্জ খর্দ্দাপাড়া বৈশাখী ১৩৬ নং এলাকার বাসায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রোমানকে একাধিক বার খুঁজতে তার বাসায় যায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ঘটনার দিনও বিকেলে তার বাসায় গিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে তার বাসায় হামলা ও ভাঙচুর চালায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা৷ যাওয়ার সময় আশরাফ উদ্দিন রোমান কখনও দেশে ফিরলে তাকে প্রাণে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যায় তারা।
আরও জানা যায়, আশরাফ উদ্দিন রোমান দেশে থাকাকালীন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। যে কারণে তার উপর ক্ষোভ সৃষ্টি হয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আনন্দ সরকার হামলা ও ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
