নিউজ ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আসামি হওয়ার পর থেকে জৈন্তাপুর উপজেলা ছাত্রদল নেতা মো.মিছবাউল আম্বিয়াকে নিয়ে উদ্বিগ্নে রয়েছে তার পরিবার। দেশে ফিরলেই তিনি গ্রেপ্তার হওয়ার আশংকা করছেন এ ছাত্রদল নেতা এবং তার পরিবার। এমন অবস্থায় তিনি বা তার পরিবার চান না তিনি এই মূহুর্তে দেশে ফিরে আসেন।
মামলা দায়েরের পর থেকে একাধিক বার তার বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ এছাড়া তিনি দেশে থাকতে তার নিজ দল বিএনপির গ্রুপিং রাজনীতির শিকার হয়েছেন। বিগত দিনে ছাত্রলীগের হাতে একাধিকবার হামলার শিকার হয়েছেন। হয়েছেন মামলার আসামি।
আম্বিয়ার পরিবার সূত্রে জানা যায়, দেশে থাকাকালীন সময়ে আম্বিয়া অন্য গ্রুপের রাজনীতি করতেন৷ অন্য গ্রুপের রাজনীতি করার কারণে বিভিন্ন সময় অপর গ্রুপ ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে তার উপর হামলা চালাতো। এবার ওই গ্রুপই হিংসাত্মক ভাবে গোলাপগঞ্জের হত্যা মামলায় তাকে আসামি করেছে।
তারা আরও জানান, বিভিন্ন সময় ওই বলয়ের নেতাকর্মীরা প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আম্বিয়ার খুঁজে বাড়িতে আসেন। তারা জানান এই মূহুর্তে আম্বিয়ার দেশে ফেরা একেবারেই নিরাপদ নয়।
আরও জানা যায়, মিছবাউল আম্বিয়ার বিরুদ্ধে ২০২২ সালের দক্ষিণ সুরমা থানায় আরও একটি মামলা (মামলা নং:২১,তাং: ১৬/৩/২০২২ ইং) রয়েছে। উক্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে ছাত্রদল করেও বর্তমান সময়ে মামলার শিকার হওয়ায় দুঃশ্চিন্তায় আর উদ্বিগ্নে দিনপাড় করছেন তার পরিবার।
