ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মিছিল শেষে সড়ক অবরোধ করতে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি পুড়ানোর অভিযোগে আওয়ামী ও অঙ্গসংগঠনের ১৫ জন আসামির নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
গত (১০ নভেম্বর) রাতে রাজনগর থানায় বাদি হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারায় মামলাটি দায়ের করেন অত্র থানার উপপরিদর্শক মো.রফিকুল ইসলাম। মামলায় আরও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু (৪৫), কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হাই জেবুল (৫৫), বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী (৫০), রাজনগর উপজেলার সারমপুর গ্রামের মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে মো.খালেদ মিয়াসহ (৩৯) ১৫ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে রাজনগর বাজারের চৌমুহনীতে রাজনগরসহ আশপাশের উপজেলার আওয়ামী ও অঙ্গসংগঠনের ৬০/৭০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। সড়ক অবরোধ না করতে পুলিশ তাদের বাধা প্রদান করে। এসময় মামলার আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
একপর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। আসামিদের হামলায় ঘটনাস্থলে থাকা রাজনগর থানার ওসিসহ পুলিশের আরও ৩ সদস্য আহত হন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে উক্ত মামলায় ৪ নাম্বার আসামি করা হয় উপজেলার সারমপুর গ্রামের মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে মো.খালেদ মিয়াকে (৩৯)। অথচ ঘটনার প্রায় ৩ মাস পূর্বে তিনি প্রবাসে পাড়ি জমান। পুলিশের এমন মামলায় তিনিসহ তার পরিবারের সদস্যরা রয়েছেন আতঙ্কে।
