নিউজ ডেস্ক : প্রায় ৭ মাসে আগে জীবন-জীবিকার তাগিদে যুক্তরাজ্যে পাড়ি জমান সদর ইউনিয়ন ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য আশরাফ আল রাহি। যুক্তরাজ্য অবস্থান করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি হতে হয়েছে তাকে।
গতকাল (১২ নভেম্বর) মাননীয় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটে (কোতোয়ালী জি.আর মামলা নং-৪৯৯/২০২৪ ইং) (কোতোয়ালী থানার মামলা নং ১৮, তারিখ: ১২/১১/২০২৪ ইং) মামলাটি দায়ের করেন সিলেটের মোগলাবাজার থানার সদরপর গ্রামের মৃত তফুর আলীর ছেলে মোঃ আলাল মিয়া। মামলায় তিনি ৪০ জনের নামোল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করেন।
ওই মামলায় সদর উপজেলার খাদিমপাড়া শাহপরান এলাকার আজমল হোসাইনের ছেলে আশরাফ আল রাহিকে ৬ নাম্বার আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সারাদেশের ন্যায় সিলেটের কোতোয়ালি থানার মীরবক্সটুলা খায়রুল ভবনের সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা। এসময় তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলো। শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি গুলি ছুঁড়া ও দেশীয় অস্ত্রের আঘাতে বাদিসহ অনেক ছাত্র-জনতা আহত হয়।
আশরাফ আল রাহির পরিবার জানায়, ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় রাহিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। তার খুঁজে প্রায় সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসায় এসে অভিযান চালায়। যে কারণে অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।
