নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় আসামি হয়েছেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ছাত্রলীগের সভাপতি আইমান আহমদ চৌধুরী।
গত (১ অক্টোবর) সিলেট কোতোয়ালি মডেল থানায় রায়হান উদ্দিন (২৭) নামে এক যুবক এ মামলা দায়ের করেন। যাহা কোতোয়ালী মডেল থানার মামলা (মামলা নং-১, তাং:১/১০/২০২৪ ইং)।
ওই মামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামি করা হয়। এছাড়াও ৬৯ জনের নামোল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ছাত্রলীগের সভাপতি আইমান আহমদ চৌধুরীকে ৫৯ নাম্বার আসামি করা হয়।
আইমান আহমদ চৌধুরী সিলেটের জকিগঞ্জ থানার এওলাসার গ্রামের আলাউদ্দিন চৌধুরীর ছেলে। তিনি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ছাত্রলীগের সভাপতি।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দেশজুড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র-জনতার সাথে একাত্মতা পোষণ করে মিছিলে অংশগ্রহণ করেন মামলার বাদি রায়হান উদ্দিন। মিছিলটি নগরীর শাহজালাল ভার্সিটি গেইটের সামনে থেকে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে মামলার আসামিরা ছাত্রজনতার উপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় বাদিসহ অনেক ছাত্র-জনতা আহত হন। এঘটনায় রায়হান উদ্দিন বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে উক্ত মামলায় আইমান আহমদ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। যে কোন সময় ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে পারেন আইমান আহমদ চৌধুরী।
