গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজীপুর লামাপাড়া গ্রামের ব্যবসায়ী সুলতান মাহমুদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে তাঁর স্ত্রীকে যৌন নির্যাতন ও অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। ব্যবসায়ীর দাবি, স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতার মদদে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৬ এপ্রিল) ফুলবাড়ি ইউনিয়ন হাজিপুর লামাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় আশরাফ উদ্দিন, মখলেছুর রহমান, তাপশ চৌধুরীসহ কয়েকজন ব্যক্তি দলীয় কর্মকাণ্ডের কথা বলে গোলাপগঞ্জের বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটত।
সরেজমিনে জানা যায়, ২০১৪ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খানের সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত হয়। ২০১৬ সালে এ বিরোধ আরও ঘনীভূত হয়। পরবর্তীতে ২০২১ সালে আব্দুল হানিফ খান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সুলতান মাহমুদকে নিয়মিত হুমকি এবং তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হতে থাকে। ২০২৩ সালে মঞ্জুর সাফি চৌধুরী এলিম উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকে হামলা ও নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বলে জানা যায়।
চাঁদা না পেয়ে একপর্যায়ে তাঁর স্ত্রীকে নির্যাতন ও অপহরণ করা হয়। ঘটনার সময় তিনি কানাডায় অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত দেশে ফিরে আসেন এবং আইনি প্রতিকারের চেষ্টা চালান। তবে তিনি অভিযোগ করেন, পুলিশ মামলা না নিয়ে কেবল একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে। এমনকি এর আগে চাঁদা দাবির বিষয়ে পুলিশি সহায়তা চেয়েও তিনি প্রতিকার পাননি, উল্টো তাঁকে একটি মিথ্যা মামলায় আটক দেখানো হয়েছিল।
এ ঘটনায় জড়িত হিসেবে আশরাফ উদ্দিন, মখলেছুর রহমান, তাপশ চৌধুরী, মামুন রশীদ, কেল্লা ওরফে রাহেল, নাফি, হামাদ, শহীদ, মিতু, উজ্জ্বল, মুরাদসহ প্রায় ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সুলতান মাহমুদ। তাঁর দাবি, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর সাফি চৌধুরী এলিম ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খানের মদদেই এসব অপরাধ সংঘটিত হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি এবং উল্লিখিত জনপ্রতিনিধিদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটির বিষয়ে হাজীপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী দেলওয়ার হোসেন টিপু, স্থানীয় বাসিন্দা কবির আহমদ ও রুহেল আহমদসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী তথ্য নিশ্চিত করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, তাঁরা ঘটনার বিভিন্ন দৃশ্য সরাসরি দেখেছেন এবং কিছু তথ্য আশপাশের মানুষের কাছ থেকে শুনেছেন। ঘটনাগুলোর নিরপেক্ষ অনুসন্ধানে তাঁদের বক্তব্য এবং প্রাসঙ্গিক নথি যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।
