কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে চাঁদাদাবির জেরে যুবলীগ নেতা আলিম উদ্দিনের লোকজনের হামলায় একই বাড়ির নারী-শিশুসহ ৮ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামে পূব ইসলানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাসেল আহমদের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। বালুবাহী গাড়ির চাঁদা না দেওয়ায় এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহতরা হলেন আছারুন নেছা (৫৭) রাসেল আহমদ (৩২),জুয়েল আহমদ (৩০)আলেক মিয়া (২৭) সালেক মিয়া (২৫), মইন উদ্দিন( ৪৫) সেলিম মিয়া( ৩০), ও শাহীন (১৭)। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা কোম্পানীগঞ্জে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাসেল আহমদের পরিবারের অভিযোগ, কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়ী গ্রামের আব্দুল মনাফের পুত্র পূব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম উদ্দিন দলীয় প্রভাব বিস্তার করে ধলাই নদীর লীজ বর্হিভুত কালাইরাগ, কালিবাড়ী, নয়াবাজার এলাকায় বালুবাহী ট্রাক, ট্রলি ও ট্রক্টর থেকে পুলিশের নামে চাঁদা আদায় করে থাকেন আলীম উদ্দিনের ভাই সমর আলী ও ভাগনা লিটনের নেতৃত্বে একটি দল। তাঁরা প্রতি গাড়ি থেকে ৫শ টাকা করে দৈনিক হাজার হাজার টাকা আদায় করে থাকেন। কেউ টাকা না দিলে তাকে মারধর করার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার উত্তর কলাবাড়ি এলাকা থেকে সেচ্ছাসেবকলীগ নেতা রাসেলের বালুবাহী একটি গাড়ি থেকে টাকা দাবী করে আলীম উদ্দিনের লোকজন। রাসেলের গাড়ীর ড্রাইভার তার কাছে টাকা নেই বললে ড্রাইভার কে মারধর করে আলীমও তার সঙ্গীয়রা। এ নিয়ে রাসেলের সাথে কথা কাটাকাটির জের ধরে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭ টায় আলীম উদ্দিন ও তার দলভুক্তরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে রাসেলদের বাড়ীতে হামলা চালায়। এতে নারী সহ ৮জন আহত হন। খবর পেয়ে রাসেলের আত্মীয় স্বজনরা এগিয়ে আসলে দুই পক্ষের মাঝে মারামারি হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় মারামারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনায় কোনা পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
