বিশ্বনাথ প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী হসরাইলের নৃশংস হামলা, গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে পুরো পৌর শহর।
শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা পৌর শহরের মাদানিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুতে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে অনুষ্ঠিত এ মিছিলে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল এসে একত্রিত হয়। এরআগে প্রতিটি মসজিদে ফিলিস্তিনি মুসলানদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আশ্রয় প্রার্থনার নামে শরণার্থী হিসেবে ভিক্ষুক বেশে কিছু ষড়যন্ত্রকারী ফিলিস্তিনের বুকে উড়ে এসেজুড়ে বসে। আর এখন তারা মালিকানা দাবি করে খোদ আদি ফিলিস্তিনবাসীদেরকে নির্যাতন নিষ্পেশন ও গণহত্যা চালিয়ে বিশ্ব বিবেকের তাক লাগিয়ে দিচ্ছে। আমরা জাতিসঙ্ঘ ওআইসিসহ বিশ্ব মোড়লদের কাছে ফিলিস্তিন ও গাজায় গণহত্যা ও জুলুম নির্যাতন বন্ধের জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের বিরুদ্ধে আরো কঠোর নীতি অবলম্বনে উদাত্ত আহ্বান জানান তারা।
সেই সাথে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা ও মুসলমানদের প্রথম ক্বিবলা আল আক্বসার পবিত্রতা রক্ষার সংগ্রামের প্রতি সংহতি ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় ইসরাঈলী পণ্য বর্জনেরও আহবান জানানো হয়।
জামিয়া মাদানিয়া ক্বাওমিয়া মহিলা মাদরাসা বিশ্বনাথের শিক্ষাসচিব মাওলানা কামরুল ইসলাম ছমীরের সভাপতিত্বে ও শিক্ষক-সংগঠক মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফখরুদ্দীন আহমদ বিশ্বনাথী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম. কাওছার আহমদ প্রমূখ।
