ওসমানীনগর প্রতিনিধি : বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সিলেটের ওসমানীনগরে সম্পন্ন হলো শারদীয় দুর্গা উৎসব।
মঙ্গলবার উপজেলার ৩৪ টি পূজা মণ্ডপে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাপ্তি হলো পাঁচ দিনব্যাপী এ উৎসবের। দুপুর ২ ঘটিকার সময় গোয়ালাবাজার তেরহাতি সাবজনীন পূজা মণ্ডপে সংলগ্ন পুকুরে প্রতিমা বিসর্জন করেন মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা।
বিষয়টি নিশ্চিত করেন মণ্ডপের সভাপতি শাওন কান্তি পাল ও সাধারণ সম্পাদক রনিক পাল।
এছাড়া বিকাল সাড়ে ৩ টায় মণ্ডপ সংলগ্ন পুকুরে প্রতিমা বিসর্জন করেন মোবারকপুর মহামায়া যুব সংঘ, কাশিপাড়া শিব বাড়ি, গোয়ালাবাজার কেন্দ্রীয় কালী মন্দির পূজামান্ডপের প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।
ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল বলেন, সুষ্ট ও সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবছর উপজেলার ৮টি ইউনিয়নের ৩৪টি মন্ডপে শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আমিন বলেন, উপজেলার সব কয়টি পূজামন্ডপে সুষ্ঠু ভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জন শেষে আগত পূজারী ভক্তদের মণ্ডপ থেকে বাড়ী ফিরে যাওয়া পর্যন্ত পুলিশের টিম উপস্থিত ছিলো। তিনি সুষ্ঠুভাবে দুর্গা পূজা সম্পন্ন হওয়ায় এবং পুলিশকে সার্বিক সহযোগিতা করায় উপজেলা-বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেই সাথে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাছাড়া উপজেলা সার্বজনীন পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে প্রশাসনকে সহযোগিতা করার ধন্যবাদ জানান।
