জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসন পৃথক অভিযান চালিয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৩১টি মহিষ, ১৪টি গরু, ১৮ বস্তা চিনি এবং অবৈধ ৪৫ বোতল মদ জব্দ করা হয়।
এসময় লক্ষীপুর গ্রামের বাসিন্দা আব্দুস শুক্রুরের পুত্র নাছির উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
জানা যায়, জৈন্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের নেতৃত্বে শুক্রবার সকাল ৭টার দিকে যশপুর, কমলাবাড়ি সাইট্রাস কৃষি গবেষনা কেন্দ্র এলাকা থেকে ভারতীয় ৬টি গরু আটক করা হয়। পরবর্তীতে বিকেল ৫ টার দিকে উন্মুক্ত নিলামে ২ লাখ ৯৮ হাজার টাকায় বিক্রি করে সরকারি রাজস্ব আদায় করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সহ জৈন্তাপুর বাজার ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীপুর সীমান্ত ফাড়ির বিজিবি'র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভোর রাতে শ্রীপুর, আলু-বাগান আসামপাড়া আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় ৩১টি মহিষ আটক করেন।
শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, তামাবিল শুল্ক রাজস্ব কর্মকর্তাদের উপস্থিতি'তে উন্মুক্ত নিলামে আটক ৩১টি ভারতীয় মহিষ বিক্রয় করা হবে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাজুল ইসলাম (পিপিএম)'র দিক-নিদের্শনায় পুলিশ উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ৮ টি গরু, ১৮ বস্তা চিনি এবং ৪৫ বোতল মদসহ ১জনকে আটক করা হয়। পুলিশের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করেন। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী পুলিশের অভিযানের এই তথ্য নিশ্চিত করেছেন।
