আলোচিত সিলেট ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানোর জেরে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থল থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক দশটায় পৌরশহরের মাছ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় সংঘর্ষে উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের হরিলাল দাসের পুত্র অরুপ দাস(২০) ও সংঘর্ষ থামাতে গিয়ে মাছ বাজার এলাকার চা বিক্রেতা পৌরসভার আজিমনগর (মুন্সিহাটি) নতুন বাড়ীর বাসিন্দা আব্দুল হাকিম মিয়ার পুত্র নুর আলম (৩৫) আহত হন।
আটককৃতরা হলো উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের অমরেশ তালুকদারের পুত্র সাজু তালুকদার (১৯) একই গ্রামের প্রভাস চন্দ্র দাসের পুত্র প্রান্ত দাস (১৯) এবং সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিষ্ণুপুরের জীবেন্দ্র বৈষ্ণবের পুত্র প্রজিত বৈষ্ণব।
বুধবার ( ২৭ সেপ্টেম্বর) সকালে বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরীর উদ্যোগে উভয়পক্ষের সম্মতিতে শালিশে বিষয়টি নিস্পত্তির শর্তে আটককৃতদের ছাড়িয়ে নেয় তাদের স্বজনরা।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা মনিন্দ্র দাসের পুত্র রাসেল দাস (২০) কিছুদিন পুর্বে সাজু তালুকদারের এক আত্মীয়াকে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাটায়। উক্ত আইডিটি সাজু তালুকদারের মোবাইলে লগইন থাকায় বিষয়টি সাজু তালুকদার জানতে পেরে মেসেঞ্জারে রাসেল দাসকে গালগালি করেন। এ নিয়ে মেসেঞ্জারে দুজনের মধ্যে গালাগালি ও বাক-বিতণ্ডা বাঁধে।
এরই জের ধরে সাজু তালুকদার বুধবার বিকালে তার বন্ধু প্রান্ত দাসকে সাথে নিয়ে আজমিরীগঞ্জ সদরে আসেন। সদরে আসার পর আজমিরীগঞ্জ কলেজে পড়ুয়া তার আরো কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে রাত সাড়ে নয়টার দিকে আজমিরীগঞ্জ বাজারে রাসেল দাসের কর্মস্থানের সামনে মাছ বাজারে রাসেল দাস ও অরুপ দাসকে মারপিট করে। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধঁলে অরুপ দাস ও নুর আলম মিয়া আহত হন।
আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক ভুপেন্দ্র বর্মন জানান, আকটকৃতরা এইচ এস সি পরিক্ষার্থী। বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উভয়পক্ষের সম্মতিতে শালিশে বিষয়টি নিস্পত্তি করবেন বলে মুচলেখা দেয়ায় তাদেের ছেড়ে দেয়া হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক বলেন, আমি সকালে একটি মিটিংয়ে আসছি জেলা শহরে৷ বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে উভয়পক্ষের সম্মতিতে শালিশে নিস্পত্তি করার কথা রয়েছে।
