গোলাপগঞ্জ প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে আরও ১২০ টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর।
বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করেন। শেষে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সরকারি ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা ছদরুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ চৌধুরী, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাসরেফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ৪র্থ পর্যায়ের ২য় ধাপে গোলাপগঞ্জ উপজেলার ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয় এবং এর মাধ্যমে উপজেলার মোট ৩৭০টি ‘ক’ শ্রেণীর পরিবারের পুনর্বাসন সম্পন্ন হয়েছে।
