ফাহিম আহমদ : সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদীতে লিজ বহির্ভূত জায়গা থেকেও বালুখেকোরা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সুরমা নদীর লিজ আওতাভুক্ত মৌজার নাম ও খতিয়ান দাগ হলো- জে এল নং হাতিমনগর/০২ দাগ নং- ২৭১২-৪৭৬৫, বাঘা/০৩ দাগ নং- ৬৪৯৯-৬৫৭২, স্বরস্বতি/০৬ দাগ নং- ১, ফুলবাড়ী/২৯ দাগ নং- ১-২৫০১, হাজিপুর/৩০ দাগ নং- ১-২০০১।
এদিকে, লিজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের ফলে প্রতিবছর নদী তীরবর্তী এলাকার মানুষের ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিলীন হওয়ার পথে অনেক মসজিদ-শিক্ষাপ্রতিষ্ঠান। বালুখেকোদের বিশাল সিন্ডিকেট থাকায় তাদের নিষেধ করতে ভয় পান নদী তীরবর্তী এলাকার মানুষ। নিষেধ করতে গেলে হতে হয় তাদেরকে হামলার শিকার। গত ৫ আগস্ট সুরমা নদীর রুইঘর এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনে বাধা দিতে গেলে বালুখেকো চক্রের মারধরের শিকার হন স্থানীয় তিন যুবক। তাদেরকে নৌকায় আটকে মারধরের অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
আরও: পরবর্তী নিউজে বালুখেকো চক্রের নাম প্রকাশ করা হবে...
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, এই চক্রটি খুবই শক্তিশালী। প্রতি বছর তারা অবৈধ ভাবে বালু তুলে মানুষের ক্ষতি করে যাচ্ছে। তাদের সাথে কথা বলতে গেলে হামলার শিকার হতে হয়। এদেরকে থামিয়ে না রাখলে যত সময় যাবে নদী তীরবর্তী এলাকার মানুষের দুঃখ-দুর্দশা বাড়তে থাকবে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ চৌধুরী বলেন- লিজ আওতাভুক্তের বাইরে যে সকল এলাকা থেকে বালু উত্তোলন করা হবে খবর পেলে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। গত কয়েকদিন আগে মারামারির খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

