গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে আলোচিত দুটি হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে নিহত তারিফ-সুফিয়ান স্মৃতি পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পৌর শহরের চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশিষ্ট মুরব্বি আব্দুল মন্নানের সভাপতিত্বে ও রাহি আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, আব্দুস সালাম, জিয়া উদ্দিন, সুহেদ আহমদ, আরিফুজ্জামান আরিফ, মাওলানা আব্দুর রব, এনাম আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ থেকে এক বছর আগে পৌর এলাকার নুরুপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে ডাবল মার্ডারের এক বছর অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন ছবি পোস্ট করছে কিন্তু রহস্যজনক ভাবে পুলিশ তাদের খুঁজে পাচ্ছেনা।
এসময় বক্তারা কঠোর হুশিয়ারী দিয়ে বলেন- দ্রুত সময়ের মধ্যে যদি তারিফ রহমান ও আবু সুফিয়ান হত্যার মূল আসামিদের গ্রেপ্তার না করা হয় তাহলে আগামীতে কঠোর কর্মসূচীর ডাক আসবে।
মানববন্ধনে সর্বস্থরের প্রায় দু'শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
