আলোচিত সিলেট ডেস্ক : অমর একুশে বইমেলার ২৪ তম দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্যাভিলিয়নে বিশিষ্ট লেখক, কলামিস্ট মো: আব্দুল মালিকের ‘স্বাধীনতার বাঁকে বাঁকে বঙ্গবন্ধুর অবদান’ নামক গবেষণামূলক বইটির মোড়ক উন্মোচন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো: আবু তারিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, ডেইজী সারওয়ার, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি কায়সার-ই-আলম প্রধান, ত্রয়ী প্রকাশনীর স্বত্তাধিকারী মাধব রায় প্রমুখ।
সভাপতিত্ব করেন বইটির প্রকাশক রিদম প্রকাশনা সংস্থার পরিচালক, সৃজনশীল সাহিত্য ষ্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব মো: গফুর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো: আবু তারিক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো কি না যথেষ্ট সন্দেহ রয়েছে। বঙ্গবন্ধু জীবনের শুরুতে স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। পরে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৭০ সালের নির্বাচন, উত্তাল মার্চ ৭১ এর মধ্য দিয়ে স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।
বইটির লেখক আব্দুল মালিক বঙ্গবন্ধুর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর রাজনৈতিক জীবনের ধারাবাহিক আলোচনা করে একটি গবেষণাধর্মী অসাধারণ বই আমাদের উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, আন্দোলন সংগ্রামের ইতিহাস জানতে নতুন প্রজন্ম এবং ইতিহাসের পাঠককে বইটি হৃদ্ধ করবে একথা নিঃসন্দেহে বলা যায়।
বিশেষ অতিথির বক্তব্যে ডেইজী সারোয়ার বইটির বিভিন্ন দিক নিয়ে, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করে বইটির বহুল প্রচার কামনা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কায়সার-ই-আলম প্রধান, মাধব রায়, গফুর হোসেন, ড. মির্জা গোলাম সারোয়ার, পিপিএম, ব্যাংক কর্মকর্তা ও কবি সরদার মুক্তার আলী, ইসলামী চিন্তাবিদ এস এম ফরহাদ প্রমুখ।
বইটির লেখক আব্দুল মালিক তার অনুভূতি প্রকাশ করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভাষা শহীদ, ১৫ আগষ্ট ও মুক্তিযুদ্ধের সকল শহীদানের আত্মার মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আরো বই লেখার আশাবাদ ব্যক্ত করেন।
