গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমির সহকারী শিক্ষক দেবব্রত চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে প্রতিষ্ঠানটির হাজারো শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী গোলাপগঞ্জ থানার সামনে সিলেট-জকিগঞ্জ সড়ক বন্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করে। এসময় সড়কের দু'পাশে শতশত গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়।
জানা যায়, গোলাপগঞ্জ এমসি একাডেমির সহকারী শিক্ষক দেবব্রত চৌধুরীকে গতকাল রাতে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি টিম। পরে তারা তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে ঢাকার বনানী থানায় ২০১৪ সালের ২৬ জুন দায়েরকৃত একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে খবরটি ছড়িয়ে পড়লে এমসি একাডেমির সাবেক-বর্তমান হাজারো শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে সহকারী শিক্ষকের মুক্তির দাবিতে থানার সামনে গিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতিসহ গণ্যমান্য ব্যক্তিরা থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলে ওই শিক্ষককে ছাড়িয়ে আনেন। পরবর্তীতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
থানা থেকে বের হওয়ার পর ওই শিক্ষক দেবব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, এই মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে বা এ ব্যাপারে কোন ভুল তথ্য দেওয়া হয়েছে। সঠিক তদন্ত করে সঠিক অপরাধীদের খুঁজে বের করার করার আহবান জানান তিনি।
সরকারি এমসি একাডেমির অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার বলেন, বিষয়টি আমি পুরোপুরি জানিনা। তবে শুনেছি অনেক আগের একটি মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। কোর্টে আত্মসমর্পণের শর্তে পুলিশ তাকে আমাদের কাছে ছেড়ে দিয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তবে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে আদালতে আত্মসমর্পণের শর্তে ওই শিক্ষককে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
