গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অন্যতম প্রতিষ্ঠান ফুলবাড়ি আজিরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ত্রিবার্ষিক নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) তারা মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ফজর আলীর হাতে মনোনয়ন পত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ফজর আলী।
তিনি বলেন- নির্বাচনের জন্য মনোনয়ন পত্র কিনেছিলেন ৬জন প্রার্থী। আজ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে ৩ জন প্রার্থী নির্বাচনের জন্য তাদের মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন আগামী ১১ ফেব্রুয়ারি।
তিনি আরও বলেন- নিয়মানুযায়ী অভিভাবক সদস্য পদে ৩ জন অভিভাবক দায়িত্ব পালন করে থাকেন। ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, সেক্ষেত্রে নির্বাচন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্ত নিবেন। এখনও প্রত্যাহারের সময় আছে। দেখা যাক কি হয়।
৩ জন প্রার্থী হলেন- মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম কয়েছ ও আব্দুল হামিদ। এছাড়া বর্তমান সদস্যরা মনোনয়ন পত্র কিনলেও তারা মনোনয়ন পত্র জমা না দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
