নিজস্ব প্রতিবেদক : শুক্রবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল। বিপিএলকে সামনে রেখে টিকিট কিনতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সিলেটের দুটি বুথে সকাল থেকে দীর্ঘ লাইন। দেখা গেছে দর্শকদের মধ্যে ভোগান্তিও।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের সামনের টিকেট কাউন্টারে এবং সিলেট জেলা স্টেডিয়ামের টিকেট কাউন্টারের সামনে দর্শকের টিকিট কিনতে লাইনে দাঁড়াতে দেখা যায়।
সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের ম্যাচ।
বিপিএলের টিকিট বিসিবি বিক্রি করবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের মূল গেটের বুথে। ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত বুথে টিকিট বিক্রয় করা হবে বলে জানিয়েছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকা রাখা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউজের টিকিট মিলবে ৫০০ টাকায়। ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
