আলোচিত সিলেট ডেস্ক : আর্জেন্টিনার জয়ে বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলনের নেতৃত্বে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর এ নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। এ ঘটনার পরপরই বাকেরগঞ্জ থানা থেকে বদলি করা হয় ওসি আলাউদ্দিনকে।
যদিও বরিশাল জেলা পুলিশের দাবি, এটি কোনো শাস্তিমূলক বদলি নয়, নিয়মিত বদলি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ ডিসেম্বর) রাত তিনটার দিকে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে আর্জেন্টিনার জয়ের পর বাকেরগঞ্জের বন্দর থেকে সদর রোডে কয়েক শতাধিক আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন একটি আনন্দ মিছিল বের করেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওসি আলাউদ্দিন মিলন কালো রংয়ের একটি টি-শার্ট পরে আনন্দ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় ওসিকে হাত জাগিয়ে অন্যদের উৎসাহ জোগাতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওসি আলাউদ্দিন মিলনকে বাকেরগঞ্জ থানা থেকে বদলি করা হয়। আর বদলির ঘটনায় উপজেলা জুড়ে চলছে নানামুখী আলোচনা।
বাকেরগঞ্জবাসীর ধারণা আর্জেন্টিনার পক্ষে আনন্দ মিছিল করাই তাকে বদলি করা হয়েছে।
তবে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিষয়টি অস্বীকার করে জানান, এটা পুলিশের নিয়মিত বদলি। বাকেরগঞ্জের তার দুই বছরের বেশি হওয়ায় ডিএসবিতে বদলি করা হয়েছে।
