শনিবার (১৭ ডিসেম্বর) চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের জাফরবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দায়চারা এলাকার বালি চাটিয়া গ্রামের আলী আব্বাস পাটওয়ারির মেয়ে আরিফা আহনাফ জান্নাত (১৯)। তিনি ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
প্রেমিক ফরিদগঞ্জ পৌরসভার উত্তর কেরোয়া এলাকার মোস্তফা কামালের ছেলে খলিলুর রহমান (২৬)। তিনি ফেনী জেলায় আনসার সদস্য হিসেবে চাকরি করেন।
ফরিদগঞ্জ পাইকপাড়া ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, জান্নাত তার প্রেমিক খলিলুর রহমানের সঙ্গে বাড়ি থেকে মোটরসাইকেলে হাজীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর হয়ে রওয়ানা হয়। তখন ঘটনাস্থলে আসলে অসতর্কতার কারণে মোটরসাইকেলের চেইনের সঙ্গে তার বোরকার নীচের অংশ পেঁচিয়ে সড়কে চিটকে পড়ে। এ সময় মাথায় গুরুতর আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে খলিল নিজেই তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা পুলিশকে জানান, গত একমাস পূর্বে তাদের দুজনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। পরিবারের কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে বের হয়ে ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ জানান, মোটরসাইকেলের চেইনের সঙ্গে বোরকা পেঁচিয়ে জান্নাতের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। জান্নাতের প্রেমিক খলিলুর রহমানকে আটক করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহত জান্নাত ও তার বন্ধু খলিলুর রহমানের অভিভাবকরা থানায় এসেছেন। তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
