গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই জগরুল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সিলেট সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ডের কুচাই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। নগরীর কদমতলীতে আল মদিনা অটো পার্টস নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি এক পুত্র সন্তানের জনক।
বিষয়টি 'আলোচিত সিলেট'কে নিশ্চিত করেন নিহত ব্যক্তির চাচাতো ভাই রুসন আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো -ট- ২৪-৬৪২৭) সিলেটগামী মোটরসাইকেল (সিলেট -হ- ১১-৯৮৬২) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওই যুবক নিহত হন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
