গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ৩৪টি দোকান চুরির মূল পরিকল্পনাকারী জাবেদ আলী (৪৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গত সোমবার (২৬ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মাজদী এলাকার আব্দুল জলিলের ছেলে।
জানা যায়, বিগত দিনে গোলাপগঞ্জ উপজেলায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছিল। প্রায় প্রতিদিন রাতে উপজেলার বিভিন্ন বাজারে চুরির ঘটনা ঘটতো। এসকল চুরির মূল পরিকল্পনাকারী ছিল জাবেদ আলী।
পুলিশ জানায়, বিগত দিনে গোলাপগঞ্জে ৩৪টি দোকান চুরির মূল পরিকল্পনাকারী ছিল জাবেদ আলী। উপজেলার বাঘা ইউনিয়নে একই রাতে ১৭টি দোকান, ঢাকাদক্ষিণে ১১টি, ভাদেশ্বরে ৩টি ও লক্ষনাবন্দে ৩টি দোকান চুরি করে সে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
